হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

শেরপুর প্রতিনিধি

জব্দ করা সরকারি চাল। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে একটি ব্যক্তিমালিকানাধীন গুদাম (গোডাউন) থেকে ৩৩ টন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে সদর থানা-পুলিশ। এ সময় বস্তা পরিবর্তনকালে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে (পুষ্টি চাল মিশ্রণ মিল) অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

পুলিশ জানায়, ওই মিলে ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযানকালে শেরপুর শহরের কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল। অভিযোগ রয়েছে, তাঁরা কম দামে পুরোনো বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি খাদ্য কর্মসূচির চাল জব্দ করা হয়েছে এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে। সরকারি এই চাল সেখানে কেন এবং কীভাবে মজুত করা হয়েছে—এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে আটক ব্যক্তি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তিনি আরও বলেন, আটক বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে। জব্দ করা চালের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫