হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ ছাত্রদল নেত্রী আটক

শরীয়তপুর প্রতিনিধি

আটক ইলোরা হাওলাদার। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে (৪০) আটক করা হয়েছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকা থেকে তাঁকে আটক করে যৌথ বাহিনী।

ইলোরা হাওলাদার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের স্ত্রী। মন্টু তালুকদার সাতটি মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রদলের নেত্রী ইলোরা বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জেলা মহিলা দলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের নির্বাচনী প্রচারণা ও জনসভায় তাঁর সরব উপস্থিতি দেখা গেছে। তাঁর বাবা প্রয়াত ইয়াকুব আলী হাওলাদার বিএনপির রাজনীতি করতেন এবং শরীয়তপুর পৌরসভার মেয়র ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সেনাবাহিনী সূত্র জানায়, শরীয়তপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মন্টু তালুকদারকে না পাওয়া গেলেও তাঁর স্ত্রী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলোরাকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১টি শটগান, ৭১টি শটগানের গুলি, ২টি একে-২২ বোর রাইফেল, ৫৭ রাউন্ড একে-২২ বোর গুলি, ৩টি ম্যাগাজিন, ১২টি ৯ এমএম পিস্তলের গুলি, ২টি আইফোন, ৪টি বাটন ফোন, ৩টি রাউটার, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি বাইক, কারের চাবি, ১টি ডেগার, বিদেশি মদ, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক মোবাইল সিম, মেমোরি কার্ডসহ অন্যান্য সরঞ্জাম। অভিযান শেষে উদ্ধার করা মালপত্র সাময়িকভাবে শরীয়তপুর আর্মি ক্যাম্পে সংরক্ষণ করা হয় এবং আটক নারীকে পালং মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।

দুপুরে শরীয়তপুর আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার করা মালপত্র ও সাবেক ছাত্রদলের নেত্রীকে থানায় হস্তান্তরের বিষয়টি জানানো হয়। ব্রিফিং করেন শরীয়তপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে শরীয়তপুর জেলায় একযোগে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ইলোরা হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও শেয়ার করে ছাত্রলীগ নেতার ‘বাহবা’

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

শরীয়তপুরে পদ্মায় ঝড়ে ডুবে গেল সিমেন্টবাহী ৩টি ট্রলার

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা

শরীয়তপুরে খাদেম হত্যার অভিযোগে সুরেশ্বর দরবার শরীফের পীর গ্রেপ্তার

শরীয়তপুর জেলা শহর: এআই ক্যামেরায় নজরদারি

শরীয়তপুরে প্রধান শিক্ষক রতনের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি

প্রেমের সম্পর্কে টানাপোড়েন, দেবরের পর ভাবির লাশ উদ্ধার

অবশেষে র‍্যাবের জালে ধরা শরীয়তপুরের ‘সন্ত্রাসী’ শাহিন মাদবর

শরীয়তপুরে বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২