হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি

মনোনয়নপত্র ক্রয় করতে বাধা। ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাইরে আওয়ামী পন্থী আইনজীবীসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী এবং বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করতে গেলে তাঁরা শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

তবে মনোনয়নপত্র ক্রয়ে বাধা ও প্রার্থীদের লাঞ্ছিতের অভিযোগ অস্বীকার করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, ২ এপ্রিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র ক্রয় এবং জমা দেওয়ার সময়।

এদিন সকাল থেকে দরজায় অবস্থান নেন জেলা আইনজীবী ফোরামের সদস্য ও বিএনপির দলীয় নেতা-কর্মীরা। এ সময় আওয়ামী পন্থী আইনজীবীসহ এনসিপি, ইসলামী আন্দোলন ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

কয়েকজন প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী আইনজীবীরা।

রোববার বেলা ১টার দিকে সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করতে সমিতির ভবনে যান জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মোসলেম খান। প্রথম দফায় তাঁকে ভেতরে ঢুকতে বাধা দেন বিএনপি পন্থী আইনজীবী ও বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁকে টেনে চেম্বারে নিয়ে যাওয়া হয়। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি আবার মনোনয়নপত্র কিনতে গেলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে গলাধাক্কা দিয়ে সমিতি ভবন থেকে বের করে দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কিছু আইনজীবী ও বহিরাগতরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি একসময় বিএনপি করতাম, এখন এনসিপি করি। সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করতে গেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কিছু সদস্য এবং বহিরাগত লোকজন আমাকে লাঞ্ছিত করে সমিতির ভবন থেকে বের করে দেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এককভাবে আইনজীবী সমিতির পদ দখল করার উদ্দেশ্যে মনোনয়নপত্র ক্রয় ও জমাদানে বাধা প্রদান করেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি বলেন, ‘নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির নিজে আমার চেম্বারে এসে মেরে গেছেন।’ তিনি বলেন, ‘আমি কার কাছে বিচার দেব। যেখানে স্বয়ং নির্বাচন কমিশনার এসে আমাকে মারধর করেছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

স্বতন্ত্র প্রার্থী জয়নব আক্তার অভিযোগ করে বলেন, ‘আমি অডিট সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করতে গিয়েছিলাম। সেখানে বিএনপি-সমর্থিত লোকজন বহিরাগতদের এনে আমাকে বাধা প্রদান করেছেন। একপর্যায়ে আমরা চলে আসতে বাধ্য হই। এটা আমরা কখনোই আশা করিনি।’

এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, ‘সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই তাদের নির্বাচন করার সুযোগ নেই। এ ছাড়া আমরা কাউকেই বাধা প্রদান করিনি।’

মারধরের অভিযোগ অস্বীকার করে সহকারী নির্বাচন কমিশনার রুবায়েত আনোয়ার মনির বলেন, ‘আমরা সকাল থেকেই আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে ছিলাম। কারও চেম্বারে গিয়ে মারধরের প্রশ্নই ওঠে না। কেন এমন অভিযোগ করেছে, আমি জানি না।’

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘সুষ্ঠুভাবেই মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা সম্মেলনকক্ষেই ছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করেছে।’

শরীয়তপুরে অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

বিদ্যুৎ-চালিত সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল

শরীয়তপুরে কর্মরত অবস্থায় আনসার সদস্যের মৃত্যু

শরীয়তপুরে অবৈধভাবে মজুত ৭ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও শেয়ার করে ছাত্রলীগ নেতার ‘বাহবা’

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

শরীয়তপুরে পদ্মায় ঝড়ে ডুবে গেল সিমেন্টবাহী ৩টি ট্রলার

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা

শরীয়তপুরে খাদেম হত্যার অভিযোগে সুরেশ্বর দরবার শরীফের পীর গ্রেপ্তার