সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুধা রানী মণ্ডল ওই গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী। অভিযুক্ত রমেশ মণ্ডল একই গ্রামের শ্রীদাম মণ্ডলের ছেলে। আহত দুজন হলেন নিহতের ছেলে সমীর কুমার মণ্ডল (২৮) ও রমেশের মা কমলা রানী মণ্ডল (৫০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রমেশ ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁকে বাধা দিতে গেলে তাঁর মা কমলা রানী, কাকি সুধা রানী ও চাচাতো ভাই সমীর কুমার আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন।
সমীর কুমারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।