হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

বালিয়াদহ কানাইকুড়ি বিলে আয়োজিত হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

বিশালদেহী ঝকঝকে, চকচকে ঘোড়াগুলো সওয়ারি নিয়ে ছুটে চলেছে বিদ্যুতের গতিতে। আর চারপাশ থেকে উঠছে আনন্দধ্বনি। শত শত মানুষের উত্তেজনা যেন ছুঁয়ে গেল ঘোড়াগুলোকেও। তাইতো ধুলো উড়িয়ে ক্ষিপ্র গতিতে একে অপরের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় মেতে উঠল এরাও। অবশেষে বিজয় ছিনিয়ে নিল যে তেজি ঘোড়াটি, সেটিকে তার মালিক আদর করে ডাকেন `ভোরের পাখি'।

সাতক্ষীরার তালায় আজ মঙ্গলবার বিকেলে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নেমেছিল।

প্রতিযোগিতায় তালা উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মোট ১২টি ঘোড়া অংশ নেয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে স্থানীয় ও দূর-দুরান্ত থেকে আসা হাজারো উৎসুক দর্শনার্থী বিলের চারধারে ভিড় জমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

দর্শক শিরিনা ফারুক সাগর বলেন, "ঘোড়দৌড় আমাদের গ্রামবাংলার শত বছরের পুরোনো ঐতিহ্য। এই প্রতিযোগিতা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। এমন আনন্দময় অনুষ্ঠান প্রতি বছর হলে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি টিকে থাকবে।"

দর্শক শিরিনা খাতুন বলেন, "অনেক বছর পর এলাকায় এত বড় ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখলাম। ছেলেমেয়ে নিয়ে এসেছি, সবাই খুব আনন্দ পেয়েছে। এই ঐতিহ্যবাহী খেলা ধরে রাখা দরকার।"

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খুলনার কয়রার ঘোড়া `ভোরের পাখি’, দ্বিতীয় স্থান অর্জন করে নড়াইলের ঘোড়া এবং তৃতীয় স্থান পায় তালা উপজেলার বালিয়ার ঘোড়া।

প্রতিযোগিতা শেষে বিজয়ী সওয়ারিদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। ১ম পুরস্কার ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার ১০ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৩ হাজার টাকা, ৫ম পুরস্কার ২ হাজার টাকা এবং অংশগ্রহণকারী প্রত্যেককে ৫০০ টাকা করে সম্মানী দেওয়া হয়।

বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে এবং বালিয়াদহ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির একটি মৌলিক অংশ। বর্তমান যুবসমাজ মারাত্মক মাদকাসক্তি ও ক্ষতিকর মোবাইল স্ক্রিন আসক্তিতে ডুবে যাচ্ছে। নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের সুস্থ বিনোদন ও মাঠপর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। চমৎকার এই আয়োজন গ্রামীণ জনজীবনে পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।"

শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এসকে ফারুক হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাতক্ষীরায় ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন

তালায় রাতের আঁধারে ড্রাম ট্রাক্টরে মাটি বহন, হুমকিতে গ্রামীণ সড়ক

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের