হোম > সারা দেশ > সাতক্ষীরা

কিশোর গ্যাং: চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

সাতক্ষীরা প্রতিনিধি

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জাকারিয়া খান। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় হামলা ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং-এর সদস্যের ছুরিকাঘাতে এইচএসসি ফলপ্রার্থী কলেজছাত্র জাকারিয়া খান নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুহিদ হাসান রনি নামের এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে। তিনি শহরের ইটাগাছা এলাকার ফিরোজউদ্দিনের ছেলে ও শহরের আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র।

জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা শহরের কাটিয়ার রুচিরা বেকারী মালিক আব্দুল গফুর খানের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি ফল প্রত্যাশী।

শহরের সঙ্গীতা মোড় এলাকার প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের সামনে চা বিক্রেতা রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে থেকে প্রাণিসম্পদ অফিস মোড়ে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ইটাগাছা এলাকার কিছু বখাটে কিশোর সিগারেট চায়। তিনি সিগারেট না দেওয়ায় কিশোররা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তিনি তখন ফোনে তাঁর ভাতিজা বাপ্পী হাসানকে ডাকেন। কিছুক্ষণের মধ্যে দোকানে এসে বিষয়টি জানতে চাইলে কিশোররা বাপ্পী হাসানকে মারধর শুরু করে। এসময় বাপ্পী হাসানকে বাঁচাতে এগিয়ে আসেন জাকারিয়া। তৎক্ষণাৎ মুরাদ হাসান রনি জাকারিয়াকে ছুরিকাঘাত করে।

জাকারিয়ার চাচা ইসমাইল হোসেন জানান, তাঁকে উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে ছুরির আঘাত লাগায় অবস্থার অবনতি হচ্ছিল। পরে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাঁর জানাজা নামাজ সরকারি বালক বিদ্যালয় মাঠে আজ বাদ আছর অনুষ্ঠিত হবে বলে জানান ইসমাইল হোসেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান বলেন, জাকারিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।