হোম > সারা দেশ > সাতক্ষীরা

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ধসে ৬০ মিটার বিলীন, সংস্কারে স্থানীয়রা

সাতক্ষীরা প্রতিনিধি

কপোতাক্ষ নদের বাঁধ সংস্কারে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়া বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অন্তত ৬০ মিটার বেড়িবাঁধ হঠাৎ নদগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের তীব্রতা দেখে বাঁধ সংস্কারে নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করেনি।

স্থানীয় বাসিন্দা আবু সালেহ জানান, সকালে জোয়ারের তোড়ে বেড়িবাঁধে ভাঙনের খবর পেয়ে শত শত গ্রামবাসী নিজস্ব উদ্যোগে মাটি ও বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা শুরু করেন। দ্বিতীয় দফায় বিকেলেও স্থানীয়রা বাঁধ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

রমজান আলী নামের এক ব্যক্তি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাঁধ ভেঙে গেলে প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের অন্তত ১২টি গ্রাম প্লাবিত হবে।

ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ‘আমি বিকেল নাগাদ ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের জন্য স্থানীয় পাউবো কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’