সুন্দরবনে জলদস্যুদের হাতে জেলে অপহরণের ঘটনা থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকা থেকে নতুন করে দুই জেলেকে অপহরণ করেছে ‘আলম বাহিনী’। এর আগে অপহৃত পাঁচ জেলের মধ্যে একজন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও অন্য চারজন এখনো জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন।
নতুন করে অপহৃত দুই জেলে হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বেলাল গাজী ও সিদ্দিক গাজী।
এর আগে ১০ নভেম্বর একই উপজেলার নীলডুমুর গ্রামের পাঁচ জেলেকে অপহরণ করে ‘ভাই ভাই বাহিনী’ ও ‘আমীর আলী বাহিনী’। তাঁরা হলেন আব্দুল হাকিম (৪০), বাবু গাজী (২৩), শোকর আলী (৩৩), আশরাফুল আলম (৩৮) ও আব্দুর রাজ্জাক (৩৭)। তাঁদের প্রত্যেকের পরিবারের কাছে দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয় বলে স্বজনেরা জানিয়েছেন।
স্বজনদের দাবি, মুক্তিপণের পরিমাণ বেশি হওয়ায় পাঁচ জেলের মধ্যে চারজনের পরিবার টাকা জোগাড় করতে পারেনি। তবে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে আশরাফুল আলম গতকাল মঙ্গলবার বাড়ি ফিরেছেন। অন্য চারজন এখনো জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান বলেন, জেলেদের কাছ থেকে তাঁরা বিষয়টি শুনেছেন।