হোম > সারা দেশ > সাতক্ষীরা

রাতে খেলা দেখতে বেরিয়ে সকালে ঘেরে মিলল যুবকের মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি

সুমন হোসেন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলায় মাছের ঘের থেকে সুমন হোসেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ‍উপজেলার কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুমন হোসেন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ইসলামি বক্তা ও জামায়াত মনোনীত উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেনের গাড়ির চালক ছিলেন।

সুমেনর বাবা আব্দুল হামিদ জানান, রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন সুমন। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে মাছের ঘেরে তাঁর মরদেহ পাওয়া যায়। মাওলানা মনোয়ার হোসেন বলেন, আলামত দেখে এটাকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। সুমনকে টেনে নিয়ে পোশাক-পরিচ্ছদ খুলে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শাস্তির দাবি জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।