হোম > সারা দেশ > সাতক্ষীরা

আদালত থেকে পরোয়ানাভুক্ত আসামির পলায়নের পর ফের গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন আরেকটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফিকুল ইসলাম সাতক্ষীরা আদালত থেকে পালিয়েছেন। বুধবার দুপুরের দিকে পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর তাঁকে ফের গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাড়িপাড়া গ্রামের সবুজ সানার ছেলে।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামকে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তাঁর বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামিনে মুক্ত হয়ে ২০২৫ সালের পর থেকে শফিকুল পলাতক ছিলেন।

সূত্রটি জানায়, শফিকুল ইসলাম পাটকেলঘাটা থানায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। ২০২৫ সালে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম, প্রথম আদালতে পলাতক অবস্থায় তাঁর দুই বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক। গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার আসামি হিসেবে পাটকেলঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ দুপুর দেড়টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের ১০ তলা ভবনের তিন তলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম, প্রথম আদালতে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও একটি বিচারাধীন মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি শফিকুল। তাঁকে আজ (বুধবার) আদালতে নেওয়ার পর আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যান। পরে তাঁকে সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।