সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ—এমন অভিযোগে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাহমুদুল হাসান লিটন (২৯) সাতক্ষীরা পৌর এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের কাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে ওই গৃহবধূ সাতক্ষীরা সদর থানায় লিটনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে ওই গৃহবধূ স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরে পরীক্ষার জন্য প্যাথলজি বিভাগে গেলে লিটন তাঁকে বসতে বলেন। একপর্যায়ে সুযোগ বুঝে তাঁকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আব্দুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। অভিযুক্ত আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।