হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

অনলাইনে জুয়া খেলার অপরাধে আটক ওয়াজেদ আলী রজব। ছবি: সংগৃহীত

রংপুর মহানগরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অপরাধে ওয়াজেদ আলী রজব (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার রাতে চাঁন্দকুঠি সৎবাজার থেকে তাঁকে আটক করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদ।

আটক ওয়াজেদ আলী রজব রংপুর সিটি করপোরেশনের চাঁন্দকুঠি সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে ও রমনী বেকারির মালিক।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক অশোক চৌহান জানান, গতকাল সোমবার রাতে ডিবি পুলিশের একটি টিম চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান চালায়। এ সময় অনলাইনে জুয়া খেলা অবস্থায় ওয়াজেদ আলী রজবকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পরিদর্শক অশোক চৌহান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ রংপুর আদালতে পাঠানো হয়েছে।