হোম > সারা দেশ > রংপুর

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর) 

গঙ্গাচড়া হিন্দু পল্লীর কোনিকা রানী। ছবি: আজকের পত্রিকা

‘বাবা মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই, আর মামলা করি আরও বিপদোত (বিপদ) পরমো। বিভিন্ন জায়গা থাকি খবর পাওছি, মামলা করলে নাকি হামাকগুলাক ভিটাছাড়া করবে’, চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়া আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লির কোনিকা রানী (৪৮)।

এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় কটূক্তির অভিযোগে রংপুরের গঙ্গাচড়া বেতগাড়ি ইউনিয়নে এক কিশোরকে আটক করে পুলিশ। এ ঘটনায় পাশের এলাকার লোকজন এসে ওই কিশোরের বাড়ি মনে করে অন্য আরেকজনের বাড়িতে ভাঙচুর চালান। পরে আরেক দফা হিন্দুপল্লিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এতে ১৮টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ হয়। আতঙ্কে ৫০টির মতো পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

আসবাবপত্র ও গবাদিপশুসহ বিভিন্ন জিনিস সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে রবীন্দ্রনাথ রায় (৫০) নামের আরেক ভুক্তভোগী আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসে আমাদের মামলা করতে বলতেছে, এখন যদি মামলা করি, দোষী–নির্দোষী সবাই ফাঁসবে। তখন এই মামলা দিয়ে সবাই ব্যবসা করবে। বিষয়টা নিয়ে পুলিশ মামলা নিজে থেকে করলে কী হয়? রঞ্জন রায়ের সময় যদি পুলিশ বাদী হয়া মামলা করিবার পারে, তাহলে হামার বেলা ক্যান বাদী হয়া মামলা করতে পারে না?’

এদিকে আটক কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে কিশোর পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভাঙচুরের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘যদি তাদের পক্ষ থেকে কেউ অভিযোগ করে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪