হোম > সারা দেশ > রংপুর

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি 

কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার-কীটনাশক বিক্রির প্রতিবাদে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সরকার নির্ধারিত দাম অগ্রাহ্য করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার-কীটনাশক বিক্রির প্রতিবাদে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন কৃষকেরা। আপ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজার এলাকায় ডিলারের কাছ থেকে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে কৃষকেরা ডিলারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ডিলারকে আটক করে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের অভিযোগ, ডিলাররা যোগসাজশ করে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করছেন এবং পরে তা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন, যা সাধারণ কৃষকের পক্ষে বহন করা কঠিন।

খেতের মালিক আব্দুল মজিদ বলেন, ‘আমরা জমিতে সময়মতো সার দিতে পারছি না। সরকার যে দাম ঠিক করে দিয়েছে, ডিলাররা সেই দামে বিক্রি করেন না। বস্তাপ্রতি কমপক্ষে ৬০০-৭০০ টাকা বেশি নিচ্ছেন। এত বেশি দামে সার কিনতে গেলে আমাদের আর লাভ থাকে কী?’

কৃষক রমিজ উদ্দিন বলেন, ‘একদিকে সারের কৃত্রিম অভাব, অন্যদিকে অতিরিক্ত দাম। সময়মতো সার দিতে না পারলে ফসলই নষ্ট হয়ে যাবে। ডিলাররা আমাদের নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা সরকারের কাছে বিচার চাই।’ আরেক কৃষক আব্দুস সোবাহান অভিযোগ করেন, ‘বলে সার নেই। অথচ বাইরে বেশি দামে ঠিকই বিক্রি করছেন। কৃষকের পেটে লাথি মারা হচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা দরকার।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় ঘটনাস্থলে গিয়ে কৃষকদের অভিযোগ শোনেন। দুই ঘণ্টা চেষ্টার পর সার-সংকট নিরসনের আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন।

জানতে চাইলে ভোটমারী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স সাইফুল ইসলামের মালিক সাইফুল ইসলাম দাবি করেন, কৃষি অফিসের উপস্থিতি ছাড়া সার বিক্রি করা হয় না এবং কোনো সার কালোবাজারে বিক্রি হচ্ছে না।

ঘটনাস্থলে থাকা কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, ‘বাজারে সারের কোনো সংকট নেই, সরকারিভাবে পর্যাপ্ত মজুত রয়েছে। যারা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ডিলারদের গুদাম পরিদর্শন করা হয়েছে এবং প্রতিটি বস্তার বিক্রয়মূল্য যাচাই করা হবে, যাতে কৃষকেরা নির্ধারিত মূল্যে সার পেতে পারেন।

কালীগঞ্জ উপজেলা বীজ-সার মনিটরিং কমিটির সভাপতি ও ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, ভুট্টার মৌসুম হওয়ায় একই সময়ে কৃষকের চাপ বেড়েছে। এতে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। কৃষকেরা মজুত না করে প্রয়োজন অনুযায়ী সার কিনলে সমস্যা কম হতো। আগামী সপ্তাহে চাহিদা কমে গেলে চাপও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি