হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ধান-চাল ও গম চুরি, খাদ্যগুদাম কর্মকর্তা চাকরিচ্যুত

গাইবান্ধা প্রতিনিধি

জিয়াউর রহমান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় ১০০ মেট্রিকটন ধান, চাল ও গম চুরির দায়ে বোনারপাড়া খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ।

গত ৭ অক্টোবর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ কার্যকর করতে বলা হয়। গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

চাকরিচ্যুত জিয়াউর রহমান ২০২২ সালে বোনারপাড়া খাদ্য গুদামে কর্মরত ছিলেন। চুরির ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাঁর বাড়ি রংপুর সদর উপজেলার কেল্লাবন্দ এলাকার সরকারপাড়ায়।

খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে খাদ্য গুদাম থেকে ৭৬ মেট্রিকটন চাল, ২৪ মেট্রিকটন ধান ও প্রায় এক মেট্রিকটন গম এবং চার হাজার খালি বস্তা চুরি করে তিনি স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে বোনারপাড়া খাদ্য গুদাম থেকে নির্দেশ বহির্ভূত চাল তিনি নারায়ণগঞ্জ সিএসডিতে পাঠান। এসব চালের অধিকাংশ ট্রাক গুদামের বাইরে ও অবশিষ্ট ট্রাক গুদামের ভেতরে লোড করা হয়।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ থেকে গুদামটি সিলগালা করা হয়। ঘটনার দিন থেকে জিয়াউর রহমান গুদামের চাবি রেখে পালিয়ে যান। পরে খাদ্য বিভাগের উচ্চ পর্যায়ের তদন্তে ১০০ মেট্রিকটন ধান-চাল ও গম চুরি করে বিক্রি করার অপরাধে গত ৭ অক্টোবর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে স্থায়ী বরখাস্তসহ ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যে জিয়াউর রহমানকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সরকারি পাওনা আদায়ে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মহানগর: দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল সড়ক

মাঝরাতে মাটিভর্তি ডাম্প ট্রাক জব্দ, ভোরে থানা থেকে উধাও

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত ও আহত ৪

বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা

বাড়িতে মজুত রেখে বেশি দামে পেট্রল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অবৈধ দোকানপাট উচ্ছেদে রসিকের অভিযান