প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে কৃষি কার্ড বাস্তবায়ন ও কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কোচরপাড়া পাঁচমাথা-কাদিরাবাদ এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ সময় কৃষকদের তথ্য সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও কৃষি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। কৃষকদের প্রকৃত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে সরকারি কৃষিসেবা ও সহায়তা সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।