হোম > সারা দেশ > রংপুর

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

কাউনিয়া ও পীরগাছা (রংপুর) প্রতিনিধি

আজ দুপুরে রংপুরের পীরগাছা সদর ইউনিয়নে কর্মিসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সদ্য সমাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে। তাঁর দাবি, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সবার কাছেই প্রমাণিত। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও এলাকায় স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, যাঁরা ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছেন এবং যাঁরা ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত, তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, ‘যাঁরা টাকা দিয়ে প্রশ্ন কিনতে পেরেছেন, তাঁরাই যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পান, তাহলে তাঁরা আমাদের শিশুদের কী শেখাবেন? এতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হবে।’

আখতার আরও বলেন, ‘এই পরীক্ষা ছিল নকল, প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল ডিভাইসনির্ভর একটি অনিয়মপূর্ণ পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অনেককে গ্রেপ্তার ও আটক করা হলেও পরীক্ষাটি এখনো বহাল রাখা হয়েছে, যা মেধার পক্ষে নয়। আমরা ‘‘কোটা না মেধা’’ স্লোগান দিয়েছিলাম। এই সিদ্ধান্ত কি মেধার পক্ষে, না প্রশ্নপত্র ফাঁসের পক্ষে—সে প্রশ্ন থেকেই যায়।’

আখতার হোসেন সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, প্রশ্নপত্র ফাঁসের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও এই নিয়োগ পরীক্ষা বহাল রাখা চলবে না। পরীক্ষা বাতিল করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও নকলমুক্ত পরিবেশে প্রকৃত মেধাবী শিক্ষক বাছাইয়ের জন্য নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও রংপুর–৪ আসনের জোটের নির্বাচনী সমন্বয়কারী মোস্তাক আহমেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোস্তায়িন বিল্লা, পীরগাছা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনি মিয়াসহ স্থানীয় নেতারা।

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’