হোম > সারা দেশ > রংপুর

রংপুরে চার খুন: সিগারেটের অংশ ও প্রিয়মের খাতাসহ ৩৫ আলামত ফরেনসিকে

রংপুর প্রতিনিধি

গ্রেপ্তার দুজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রংপুরে স্ত্রী, দুই সন্তানসহ অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যার ১৩ দিনে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ৩৫টি আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আলামতের মধ্যে ফল কাটার চাকু, সিগারেটের অংশ, খেজুর, শসা ও প্রিয়মের লেখা একটি খাতাও রয়েছে। আলামতগুলো গুরুত্ব অনুযায়ী তিন ধাপে সিআইডির ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘প্রয়োজনীয় সব আলামত আমরা পাঠিয়ে দিয়েছি। সেগুলো সিআইডি তদন্তকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে তারা কাজ শুরু করছে।’

সনাতন চক্রবর্তী বলেন, ‘সব আলামত একবারে পাঠানো হয়নি। গুরুত্ব অনুসারে পাঠানো হয়েছে, এটা আসলে একবারে পাঠানোও যায় না। কিছু জিনিসের গুরুত্ব বেশি, কিছু জিনিসের কম।’

এদিকে হত্যাকাণ্ডের আলামত ফরেনসিকে পাঠাতে দীর্ঘ সময় লাগায় প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর আগে হত্যাকাণ্ডের আট দিন পর আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্ট করানো হলে তাঁদের নমুনায় মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট নগরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম (১২)। ২২ আগস্ট রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয় নিজ বাড়ি থেকে। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।