হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আজ রোববার বিএনপি কার্যালয়ের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এ সময় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

এর আগে গতকাল শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, শনিবার কমিটি ঘোষণার পর অবিলম্বে তা বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, রাঙামাটিতে ৮ বছর পর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হলেও তা সম্মেলন ছাড়াই অপহরণকারী, চাঁদাবাজ, বিবাহিত ও অছাত্রদের নিয়ে গঠন করা হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে, যা পকেট কমিটি হিসেবে গণ্য।

এই কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবিতে শনিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের বনরুপা হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তাঁরা। এ সময় প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন নেতা-কর্মীরা। জেলা বিএনপির নেতাদের আশ্বাসের ভিত্তিতে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সহসভাপতি সাইফুল ইসলাম পনির বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। তবে অবিলম্বে নতুন কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠন না করা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আজ রোববার বিএনপি কার্যালয়ের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো. হেলিম বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আশা করেছিলাম সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। কিন্তু যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে অনেকেই বিবাহিত ও অযোগ্য। অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি দিতে হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পাওয়া অলি আহাদ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

এ কমিটির অন্যরা হলেন সহসভাপতি খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আবদুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না, মো. ইসহাক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস শাকুর, জাভেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন, সাজিদ ইমতিয়াজ, প্রচার সম্পাদক আবদুল আহাদ, দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি।

কাপ্তাইয়ে নৌবাহিনীর বাসের সঙ্গে সৌদিয়া পরিবহনের সংঘর্ষ, সব যাত্রীর প্রাণ রক্ষা

পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতিসহ ৪ জনের বদলি প্রত্যাহারের দাবি

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান