রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের ওপর নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবে দীর্ঘদিন রাঙামাটি শহরে অবস্থানরত চিংকিউ রোয়াজাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাঁর বাসার সামনে থেকে আটক করা হয়।
পুলিশের ভাষ্যমতে, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও উসকানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতামূলক বা অস্থিতিশীল পরিবেশ তৈরির যে কোন অপচেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।