হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ধর্ষণচেষ্টা মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ধর্ষণের চেষ্টার মামলায় মো. আব্দুল্লাহ (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাত নয়টার দিকে তাঁকে রাজশাহী নগরের উপকণ্ঠ বেলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ জেলার দুর্গাপুর উপজেলার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা।

আজ সকালে র‌্যাব-৫—এর রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গত ১৩ জুলাই বাবার বাড়ি গাজীপুর থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় স্বামীর বাড়িতে যাচ্ছিলেন এক গৃহবধূ। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বাস থেকে নেমে ব্যাটারি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় অটোরিকশার সব যাত্রী নেমে গেলে অটোরিকশাচালক আব্দুল্লাহ পাট খেতে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন।

পরে অটোরিকশাচালক গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের দুলসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় মামলা হয়। গ্রেপ্তার আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।