রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-রাজশাহীর কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব আলী (২৪) ও বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সহসম্পাদক মো. রাহাত (২০)।
রোববার (২৮ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজিব আলী। খবর পেয়ে পুলিশ তাদের নিয়ে আসে। অন্যদিকে ছাত্রলীগ নেতা রাহাতকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, গত ২১ জুন নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে থানায় একটি মামলা হয়। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।