হোম > সারা দেশ > রাজশাহী

মেকানিক দেখানোর সময় বিকল ট্রাক স্টার্ট, বুকের ওপর উঠে প্রাণ গেল চালকের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             

নিহত হাফিজুল ইসলাম (৩৫)।

ঢাকার আশুলিয়ায় বিকল গাড়ি মেরামতের জন্য মেকানিককে দেখানোর সময় হঠাৎ গাড়ি স্টার্ট হয়ে বুকের ওপর উঠে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের ঢউর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের কালাম মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় উইন্টার ড্রেস কোম্পানির কার্গো ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা চান্দু মণ্ডল।

চান্দু মণ্ডল জানান, হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়।

চান্দু আরও বলেন, এতে গুরুতর আহত হাফিজুলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তুরাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

রাতে হাফিজুলের মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে জানান চাচা চান্দু মণ্ডল। স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। তবে হাসপাতালে সুরতহাল প্রতিবেদন শেষে রাত সাড়ে ১০ পর্যন্ত তাঁরা রাজশাহীর উদ্দেশে রওনা দিতে পারেননি বলে জানান তিনি।