হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধর, দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আব্দুল্লাহ আল মারুফ শিহাব ও আবু সুফিয়ান চন্দন। ছবি: সংগৃহীত

রাজশাহীতে চাঁদা না পেয়ে এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক আসাদুজ্জামান জুয়েল মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিক্ষক জুয়েল রাজশাহী মহানগরের শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক। গ্রেপ্তার দুই ছাত্রদল নেতা হলেন শাহ মখদুম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শিহাব এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন।

এ দুই ছাত্রদল নেতাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

৫ মার্চ থানায় দায়ের করা এজাহারে শিক্ষক আসাদুজ্জামান জুয়েল উল্লেখ করেন, তিন মাস থেকে ছাত্রদল নেতা শিহাব ও চন্দন তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছেন। তাঁদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত বছরের ২৬ নভেম্বর চাকু দেখিয়ে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। সর্বশেষ ৪ মার্চ বুধবার রাত ১০টার দিকে তাঁর কাদিরগঞ্জ এলাকার বাসার নিচে তাঁকে একা পেয়ে মারধর করেন এবং আবারও প্রাণনাশের হুমকি দেন।

গতকাল শুক্রবার রাত ১০টায় গ্রেপ্তারের আগে মহানগরীর নিউমার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা শিহাব ও চন্দন। সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, শিক্ষক আসাদুজ্জামান জুয়েল আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্নভাবে দলটির পক্ষে কাজ করেন। ওই শিক্ষক নিয়মিতভাবে কলেজে দায়িত্ব পালন করেন না এবং শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন।

তাঁরা বলেন, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও শিক্ষক জুয়েল আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে কলেজশিক্ষক জুয়েল বলেন, ‘তাদের অসংখ্য ভয়েস রেকর্ড আমার কাছে আছে। আমি বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করিনি। বরং সহযোগিতা করেছি। আমি নিয়মিত কলেজে ক্লাস নিই। নিজেদের বাঁচাতে তারা এখন নানা ধরনের কথা বলছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান বলেন, মামলার পর আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন অভিযোগের তদন্ত হবে।

রাজশাহীতে পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি

রাজশাহীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা সারি, চাহিদামতো মিলছে না তেল

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

ঘুষ নিয়ে ২০ মৎস্যজীবী সমিতিকে হঠাৎ নিবন্ধন

৯ শতাংশ ঘুষ দাবি: রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘টাকার খাম’

মাদ্রাসা থেকে পালানো ২ কিশোরকে উদ্ধার করল র‍্যাব

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট