হোম > সারা দেশ > রাজশাহী

চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, দগ্ধ স্ত্রী হাসপাতালে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘর, ধান-গম, গরু-ছাগলসহ এক কৃষক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচ বেগম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র কৃষক মামুন হোসেন নাটোর জেলায় শ্রমিকের কাজে রয়েছেন। বাড়িতে তাঁর স্ত্রী ছিলেন। গোয়ালে থাকা গরু বিক্রি করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাঁর। সারা বছরের খাবারের জন্য ঘরে মজুত করেছিলেন ২০ মণ ধান ও ১৬ মণ গম। কিন্তু একটি চুলার আগুন মুহূর্তেই সব শেষ করে দেয়।

আগুনে তিনটি বসতঘর, আসবাব, ২০ মণ ধান, ১৬ মণ গম এবং গোয়ালে থাকা চারটি গরু দগ্ধ হয়। এ সময় একটি গরুর বাছুর আগুনে পুড়ে মারা যায়। ঘরের মালামাল রক্ষার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন এলিচ বেগম।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। মামুনের স্ত্রী বড় ছেলেকে গাড়িতে তুলে দিতে পার্শ্ববর্তী বাঘা-ঈশ্বরদী সড়কের হাব্বুরের মোড়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে লোকমুখে বাড়িতে আগুন লাগার খবর জানতে পারেন তিনি।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে মোবাইল ফোনে বাঘা ফায়ার সার্ভিসে খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়।

মামুন হোসেনের বড় ছেলে ইমন আলী বলেন, ‘আমি কাজের উদ্দেশে ঢাকায় যাচ্ছিলাম। পরে ফোন পেয়ে বাড়ি ফিরে দেখি সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই।’

বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুকনা খাবার, কয়েকটি কম্বল ও নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। পরবর্তী সময়ে টিনের জন্য আবেদন করতেও পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আজকের পত্রিকার দুর্গাপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল

যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজন গ্রেপ্তার, একজনকে জামিন দিলেন ওসি

বাজারে অপরিপক্ব আম, তদারকি নেই প্রশাসনের

রাজশাহীতে টিসিবির ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভিড়

৫ দফা দাবিতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

ক্যামেরা প্রস্তুত করে রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা

প্রতিষ্ঠানের নামে সংবাদ সম্মেলন বিএনপির, জানেন না ঠিকাদার

রাজশাহীর আম নামানো শুরু হচ্ছে ১৫ মে

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ