হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে তল্লাশি-কাণ্ডে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ

রাবি প্রতিনিধি  

শহীদ জিয়াউর রহমান হল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে একটি কক্ষে নারী থাকার সন্দেহে তল্লাশি চালানোর ঘটনায় হল সংসদের সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) তিনজনের আবাসিকতা বাতিল করা হয়েছে। পাশাপাশি এই হলের ভিপিকে (সহসভাপতি) শোকজ করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) ভোর ৫টায় এক সভায় এই সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান।

আবাসিকতা বাতিল হওয়া তিন শিক্ষার্থী হলেন হল সংসদের এজিএস হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসরাফিল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাকিব জুবায়ের এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জিম। এ ছাড়া ওই হল সংসদের ভিপি মো. মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে ‘নারী অবস্থান’ সন্দেহে হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কোনো নারীকে না পেয়ে চলে যান তাঁরা। এতে ওই কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা লাঞ্ছনার অভিযোগ তোলেন। পরে এই ঘটনায় গতকাল সন্ধ্যায় প্রাধ্যক্ষের কক্ষে সভা ডাকা হয়। সেখানে হল সংসদের নেতাদের ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় এজিএসসহ কয়েকজন অনুপস্থিত থাকায় সভা স্থগিত করা হয়। এরপর রাতভর হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। আজ ভোর ৫টায় সভা শেষে তিনজনের আবাসিকতা বাতিল করার সিদ্ধান্ত নেয় হল প্রশাসন।

আবাসিকতা বাতিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে নারী প্রবেশের অভিযোগটি প্রাথমিকভাবে অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। এতে তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হলো এবং হলের ভিপি মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে অধিকতর তদন্তে একটি কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। তদন্ত কমিটি গঠনের প্রজ্ঞাপনে তদন্ত রিপোর্ট দ্রুত জমাদানের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকবে।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান বলেন, ‘তল্লাশির বিষয়টি আমার জানা ছিল না। হল প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের কাজ এখতিয়ারবহির্ভূত। হলে কোনো তল্লাশি হলে তা প্রশাসনের মাধ্যমেই হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘অতীতে কিছু ঘটনায় আমরা মব হতে দেখেছি। তবে বর্তমান প্রশাসন মবের বিরুদ্ধে যথেষ্ট তৎপর। কোনোভাবেই মব তৈরি করে বিশ্ববিদ্যালয়ের কাউকে হেনস্তা করার সুযোগ আমরা দেব না।’

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে এগিয়ে নেবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

পদ্মার চরে গরু পালন, কোরবানির বাজার ঘিরে কোটি টাকার স্বপ্ন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ৫ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

রাজশাহীর পশুর হাট: হাসিলে বাড়তি টাকা আদায়

রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ রেখে পান নিয়ে হাটে গেছেন সিএইচসিপি, সেবা নেই

পদ্মা থেকে উদ্ধার হাত বাঁধা লাশটির পরিচয় মেলেনি