হোম > সারা দেশ > রাজশাহী

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গোলাম কিবরিয়া কামাল ওরফে কামাল মালিকের বাসা থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। রাজশাহী শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তাঁর স্বামী গোলাম কিবরিয়া কামাল ওরফে কামাল মালিক (৫৫) স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক। রাজশাহী শহরের হড়গ্রাম বাজার এলাকার ওই বাসায় এই দম্পতি ভাড়া থাকেন।

স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের মাধ্যমে রওশন আরা ও গোলাম কিবরিয়া কামালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রওশন আরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। তাঁর গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাতে-পায়ে জখম আছে। তিনি ‘ড্যামফিক্স’ নামের তরল রাসায়নিক পান করেছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন।

পুলিশ বলেছে, তিনতলা ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন সাংবাদিক কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা ওই বাসায় যান। সেখানে মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় পড়ে ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সময় বাড়িতে কে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো জানি না। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত-পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাঁকে আইসিইউতে নেওয়া হচ্ছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। সিআইডির ক্রাইম সিনও এসেছে। তারা কাজ করছে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। এখনো মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উপহারের অটোরিকশা পেয়ে খুশি টুলি বেগম

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

রাস্তায় পড়ে ছিল স্কচটেপ মোড়ানো লাইটার, রিভলবার ভেবে চাঞ্চল্য

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা

খরচ তুলতে না পারায় বন্ধ রাবির ই-কার সেবা

চার বছর অপেক্ষার পর এসেছিল প্রথম সন্তান, হামের উপসর্গ নিয়ে মৃত্যু

ভুয়া চাহিদাপত্রে তেল নিতে যাওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার