হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দিনদুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মো. সাব্বির। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় এ ঘটনা ঘটে।

সাব্বির পবা রাইসমিলপাড়ার শাহিন ইসলামের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসন মাদকাসক্ত। এক সপ্তাহ ধরে এলাকায় তাঁর অত্যাচার বেড়ে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। খুনের ঘটনার পর জাসন পালিয়েছেন। সাব্বির তাঁর বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাঁকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, জাসনের মা শিরিন বেগম তাঁর আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে শাহিন ও তাঁর পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন জাসন। গতকাল মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। আজ বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরে পালিয়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘লাশ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগে অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা মামলাও হবে।’

তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনে ভিড় কিছুটা কমেছে

‘এখন আর আইসিইউ লাগবে না, গৌরি সবাইকে ছেড়ে চলে গেছে’

রাজশাহী চেম্বারের নতুন সভাপতি হাসেন আলী

রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ, রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ

রাস্তার জন্য কাটা হলো কাঠবাদামের ৩০টি গাছ

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জ্বালানি সংকট: তেল মজুত করে কালোবাজারি

তেল মজুত করে বেশি দামে বিক্রি, ক্রেতা সেজে ধরল এনএসআই

চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

রামেক হাসপাতাল: ৫১ শিশুর মৃত্যুর পর হামের চিকিৎসায় বোর্ড গঠন