হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ, অবরুদ্ধ সহকারী শিক্ষক

পঞ্চগড় প্রতিনিধি

মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা আক্তারকে অবরুদ্ধ করে রাখা হয়।

বিক্ষোভের কারণে চার ঘণ্টা বিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বিদ্যালয় থেকে চলে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক নুর আজমকে সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তার হেনস্তা ও হুমকিধমকি দিতেন। এসব বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। গতকাল সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী বলেন, স্যার অনেক ভালো মানুষ ছিলেন। তিনি টেনশনে মারা গেছেন। যাঁদের কারণে স্যার আজ মারা গেছেন, তাঁদের বিচার চাই।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, শিক্ষকের মৃত্যুর পর এলাকাবাসীর মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ‘খবর পেয়ে স্কুলে এসেছি। কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমরা তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক নুর আজমকে ফুলেল শুভেচ্ছা জানায়। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নুর আজম উপজেলার মীরগড় এলাকার বাসিন্দা ছিলেন। ২০১২ সালে তিনি মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।