হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া নিয়ে যা বললেন বিএনপি নেতা

আজকের পত্রিকা ডেস্ক­

আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ, ঠিক তখনই পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপস্থিত আছেন বিএনপি নেতা আবু দাউদ প্রধান। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বক্তব্য দিতে দেখা যায়, যেখানে তিনি কার্যালয়টি খুলে দেওয়ার জন্য দাউদ প্রধানকে ধন্যবাদ জানান। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীদেরও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদ সম্মেলনে আবু দাউদ প্রধান বলেন, ‘আমি দীর্ঘ সময় চাকলাহাট ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। ঘটনার দিন সকালে গ্রাম থেকে শহরে আসার পথে বাজারে মানুষের জটলা দেখে আমি সেখানে দাঁড়াই। লোকজনের মুখে শুনি, জনৈক জামায়াত কর্মী একটি গুদামঘরের চাবি দিচ্ছিলেন না। আমি কেবল মধ্যস্থতা করে চাবিটি বাজার বণিক সমিতির সভাপতির কাছে জমা রাখার ব্যবস্থা করি।’

তিনি আরও দাবি করেন, ‘আমি জানতাম ওটি একটি গুদামঘর। সেখানে কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড, চেয়ার কিংবা টেবিল ছিল না। আমার পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছেন বা আমাকে কেন ধন্যবাদ জানিয়েছেন, ভিড়ের মধ্যে আমি তা বুঝে উঠতে পারিনি। এখন সেই ভিডিওকে পুঁজি করে আমাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে কেন একজন দায়িত্বশীল বিএনপি নেতাকে দেখা গেল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

অন্যদিকে, চাকলাহাট বাজার বণিক সমিতি জানিয়েছে, চাবিটি বর্তমানে তাঁদের হেফাজতে রয়েছে এবং সেটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান গতকাল আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। এর আগে জামায়াত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল।’

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গতকাল আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘এই অফিসটি জামায়াতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ এলাকায় অনেক মানুষ নিয়ে অফিসটি খুলেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এই অফিসটি আপাতত আমরা মুক্তিযোদ্ধা বসবো। আওয়ামী লীগের কোনো কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না।’

ভোটের পরদিন আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

পঞ্চগড়ে জাল ব্যালটসহ যুবশক্তির নেতা আটক, ৩ বছরের কারাদণ্ড

পরিবর্তনের আশায় ভোট দিলাম: সারজিস

সারজিস–নওশাদের সমর্থকদের মারামারি, আহত ১৩

পঞ্চগড়ে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৪ শতাধিক নেতা-কর্মী

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমাদের: মির্জা ফখরুল

পক্ষপাতের অভিযোগ: পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে ১১ দলের বিক্ষোভ

তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন: সারজিস

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা