হোম > সারা দেশ > পাবনা

ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা, ব্যাগে চিরকুট

পাবনা প্রতিনিধি

নিহত স্কুলছাত্র আলিফ ও তার লেখা চিরকুট। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলিফ (১৬) নামে এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহত আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ট্রেনটি ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করার সময় আলিফ রেললাইনের মাঝে বসে পড়ে। ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী বলেন, ট্রেনের ধাক্কায় আলিফের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত হওয়ায় প্রথমে স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।

ঘটনাস্থলের পাশে আলিফের একটি স্কুলব্যাগ ও নতুন জুতা পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাগ তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন। পরে ব্যাগ ও চিরকুট জব্দ করা হয়।

চিরকুটে আলিফ তার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয় বলে লিখেছে। এতে বাবা-মায়ের ওপর খানিকটা অভিমান ও মানসিক চাপের কথাও প্রকাশ পেয়েছে। লেখা শুরু করার সময় বিকেল ৪টা ২৯ মিনিট এবং স্বাক্ষরের সময় বিকেল ৪টা ৪৬ মিনিট লেখা ছিল।

দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ঘটনাস্থলের অদূরে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকে। রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাগ ও চিরকুট জব্দ করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।