হোম > সারা দেশ > পাবনা

নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে নিজ ঘর থেকে চাম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

চাম্পা খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসলাম হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে পাশের বাড়ির লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা সেখানে গিয়ে চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে পাশের বাড়ির লোকজন দুর্গন্ধ পান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই গৃহবধূর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চাম্পা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।