হোম > সারা দেশ > পাবনা

মাদক সেবনের পর মাকে মারধর, যুবকের কারাদণ্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

মাদক সেবনের পর মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে যুবকের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

পাবনার ফরিদপুরে মাদক সেবনের পর বৃদ্ধ মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মামুনুর রশিদ (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।

মামুনুর রশিদ উপজেলার খলিশাদহ গ্রামের মৃত আবু মুসার ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার মাদক সেবন করে মামুনুর রশিদ তাঁর মাকে মারধর করেন। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে ওই দিন দিবাগত রাতে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, পুলিশ অভিযান চালিয়ে মামুনুর রশিদকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।