পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের সহায়তায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুধেরহাট গ্রামের হাবিল মণ্ডল (৬৫), কিসমত প্রতাপপুর গ্রামের বিপুল প্রামাণিক (৪২), সুজন আলী (৪২), হেমায়েতপুর গ্রামের জুয়েল মালিথা (৩২), ইউনুস মোল্লার ছেলে ওয়ারেস মোল্লা (৪০) এবং আবুল হাশেমের ছেলে হাফিজুর রহমান মাহফুজ (৪০)।
এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং তাঁদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিল মণ্ডল, বিপুল প্রামাণিক, সুজন আলী, জুয়েল মালিথা ও ওয়ারেস মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আটক ব্যক্তি হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।