হোম > সারা দেশ > পাবনা

সাক্ষাৎকার না দিয়ে ২ সাংবাদিকের ওপর খেপলেন সাঁথিয়া থানার ওসি

পাবনা প্রতিনিধি

সাক্ষাৎকার না দিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান। মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়া থানার ওসির কক্ষে। ছবি: সংগৃহীত

সংবাদসংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গেলে দুই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে জিডি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন এখন টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।

জানা গেছে, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের ফরিদা খাতুনের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনকে বাদ দিয়ে চার্জশিট দেয় সাঁথিয়া থানা-পুলিশ। সেই অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য নিতে আজ দুপুরে ওসির কক্ষে যান সাংবাদিকেরা। চার্জশিট থেকে এক নম্বর অভিযুক্ত ব্যক্তির নাম বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় নিয়ে থানার পুলিশ সদস্যদের জিডি করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সাংবাদিকেরা।

এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকার না দিয়ে এ ধরনের আচরণ কাম্য নয়।

নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যদি থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।

ওসি আনিছুর রহমান বলেন, ‘আদালতে বিচারাধীন একটি মামলার বিষয়ে সাংবাদিকেরা সাক্ষাৎকার নিতে এসেছিলেন। আমি বলেছি, বিচারাধীন মামলার বিষয়ে কোনো কথা বলব না। কিন্তু তাঁরা আক্রমণাত্মক কথাবার্তা বলেন। সাক্ষাৎকার দিতে আমাকে চাপ প্রয়োগ করেন। আমি কথা না বললে তো তাঁরা আমাকে বাধ্য করতে পারেন না। তাঁদের আচরণ সাংবাদিকসুলভ ছিল না।’

ওসি আরও বলেন, যে মামলার বিষয়ে তাঁরা সাক্ষাৎকার নিতে এসেছিলেন, সেটা গত এপ্রিল মাসে একটি মারামারির মামলা। এক নম্বর অভিযুক্ত লিটনের বিষয়ে তদন্তে গিয়ে তদন্ত কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় চার্জশিট থেকে নাম বাদ দিয়েছেন। এটা দিতেই পারেন। কেউ মামলার এজাহার দিলে সেটা তদন্ত করতে গিয়ে কারও নাম বাদ পড়তে পারে, কারও নাম যুক্তও হতে পারে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, আজ সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকেরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়।

উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা নিতে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। পরে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি সাঁথিয়া থানায় ওসি হিসেবে বদলি হয়ে আসেন।