হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় শুটারগান-কার্তুজসহ আটক ১

পাবনা প্রতিনিধি

অস্ত্রসহ আটক আলম সরদার। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক আলম সরদার রাজশাহীর পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোপনে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলম সরদারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় শুক্রবার অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে আটক আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।