পাবনার ঈশ্বরদীতে ব্যায়ামাগারের ভেতর থেকে চুরকিন ভ্লাদিমির (২৫) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর নতুনহাটে রূপপুর প্রকল্পের বিদেশিদের জন্য নির্মিত গ্রিন সিটি বহুতল আবাসিক এলাকায় একটি উন্মুক্ত ব্যায়ামাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত চুরকিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে এটম টেক এনারগো নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। আজ শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনায় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিদেশিদের নতুনহাট এলাকায় ‘গ্রিন সিটি’ বহুতল আবাসিক ভবনের ভেতরে একটি উন্মুক্ত স্থানে ব্যায়ামাগার রয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর চুরকিন সেই ব্যায়ামাগারে জিম প্র্যাকটিস করছিলেন। এ সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাঁকে ধরাধরি করে গ্রিন সিটি আবাসিক মেডিকেল সেন্টার নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পুলিশের সহযোগিতায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই রাশিয়ান ওই নাগরিকের মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, শুক্রবার রাতে উদ্ধারের পর আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চুরকিনের মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চুরকিনের বাড়ি রাশিয়ার ক্রাসনোডার এলাকায়। রূপপুর প্রকল্পের সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে হস্তান্তর ও দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।