দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানিয়েছেন, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হলো।