হোম > সারা দেশ > পাবনা

বনশ্রীতে মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পাবনা থেকে গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থী মো. আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অন্য এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরা থানার এসআই একরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকেলে বেড়ায় অভিযান চালায়। অভিযুক্ত শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে টাঙ্গাইলে অবস্থান করছিল। পরে তার বাবার মাধ্যমে যোগাযোগ করে তাকে বেড়ায় ডেকে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে বেড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রামপুরা থানার পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়। অভিযানে বেড়া থানা-পুলিশ সহযোগিতা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার এসআই একরামুল হক জানান, এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাদী হয়ে বুধবার ওই শিক্ষার্থীকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশু শিক্ষার্থী আব্দুল্লাহকেও ধর্ষণ করা হয়েছিল এবং অপমান ও মানসিক আঘাতে সে আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রীর সি-ব্লকের ৩ নম্বর রোডে অবস্থিত আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী মো. আব্দুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলে তার গলায় গামছা প্যাঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, আব্দুল্লাহ মাদ্রাসার প্রথম দিকের শিক্ষার্থীদের একজন ছিল এবং হেফজ বিভাগে পড়াশোনা করত। মঙ্গলবার মাগরিবের পর সে বাথরুমে যায়। দীর্ঘ সময়েও ফিরে না আসায় শিক্ষকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষার্থীর (গ্রেপ্তারকৃত) বিরুদ্ধে সন্দেহজনক কিছু তথ্য দিয়েছে। এ ছাড়া ঘটনার দিন বিকেলেই সে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বেরিয়ে যায়।

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজশিক্ষার্থী উদ্ধার

পাখিবন্ধু আকাশকলি দাসের পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

৪০ মণের বাহারাম বাদশা খায় কলা-আপেল

লুঙ্গি-গেঞ্জি গামছা আর মাথায় হেলমেট পরে শেষ ক্লাস উদ্‌যাপন

পাবিপ্রবিকে সুশিক্ষা, গবেষণার হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নতুন উপাচার্যের

পাবনা: গাছে গাছে লিচুর থোকা

ঈশ্বরদীতে অর্ধশত ছাত্রীর অসুস্থতার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঈশ্বরদীতে হঠাৎ অসুস্থ অর্ধশত স্কুলছাত্রী

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ