হোম > সারা দেশ > পাবনা

পাবনায় শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

পাবনায় শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা।

আজ রোববার সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন-বিক্ষোভ থেকে অভিযুক্ত দুই আসামির দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসির দাবি জানান এলাকাবাসী।

হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা কামাল (৫৫) কুলুনিয়া গ্রামের আবদুল মতিন প্রামাণিকের ছেলে। অপর আসামি ইয়াছিন আলী (২১) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে। বর্তমানে তিনি মোস্তফার বাসায় ভাড়া থাকতেন। পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

মামলার তদন্ত ও অভিযুক্ত দুই আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটি (১০) নিখোঁজ হয়। ওই দিন প্রতিবেশী মোস্তফা কামাল ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলী শিশুটিকে ফুসলিয়ে মোস্তফার মুদি দোকানের পেছনের ঘরে নিয়ে যান। এরপর দুজন মিলে ধর্ষণ করেন। পরে ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন তারা।

হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে তার সঙ্গে দুটি ইট বেঁধে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় ঝোপঝাড় ও লতাপাতার নিচে পানিতে ডুবিয়ে রাখে অভিযুক্তরা।

নিখোঁজের সাত দিন গত ১৬ সেপ্টেম্বর সকালে কুলুনিয়া গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় কলির মরদেহ উদ্ধার করে পুলিশ।