হোম > সারা দেশ > পাবনা

রূপপুর প্রকল্পের সার্ভারে আগুন, দুই দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেটের সংযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়ায় আগুনের কারণ, বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, আগুনের কারণে রূপপুরের সার্ভার লাইনে ইন্টারনেট সংযোগসহ আশপাশের কয়েকটি কক্ষে থাকা কম্পিউটার, কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, ইন্টারনেটের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে।

পুলিশ দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ থেকে ভোর সোয়া ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রূপপুরর অভ্যন্তরে বায়ারের পুরাতন ১৪.১ নম্বর বিল্ডিংয়ের সার্ভার রুমে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তাঁরা জানতে পারেন। এর বেশি কিছু জানাতে পারেননি রূপপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপপরিদর্শক (এসআই) ইয়াদুর রহমান ইয়াদ।

ঘটনার পর আজ বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গুরুত্বপূর্ণ ইউনিটে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে বলে জানা গেছে।

রূপপুর প্রকল্পে সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে জানান, রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রূপপুর প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজের একটি অফিস বিল্ডিংয়ে আগুন লাগার কথা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই। তবে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় অল্পসময়ের মধ্যে আগুন নেভানো হয়েছে। তবে অসুস্থতার কারণে ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করায় তিনি ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত তথ্য জানাতে পারছেন বলে উল্লেখ করেন।

এদিকে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পরপরই পাওনিয়ার বেজের ভবনে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রূপপুরে কর্মরত দেশি-বিদেশি প্রকৌশলী কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয় যা আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকার তথ্য পাওয়া গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য নির্মিত রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস অফিস থেকে জানানো হয়, খবর পেয়ে ওই রাতেই ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি গাড়ি পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার মধ্যে আগুন নিভায়। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে ওই বিল্ডিংয়ের ইন্টারনেট সংযোগ তার, ভেতরের কাগজপত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তাঁরা ধারণা করছেন।

আজ দুপুর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে। একই সঙ্গে ভেতরে কাস্টমস বিল্ডিং ও ক্যানটিনেও বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায়।

পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাদেকুল বারী সাংবাদিকদের জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে আগুন লাগার চার দিন অতিবাহিত হলেও প্রকল্পের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। স্পর্শকাতর এ প্রকল্পের অভ্যন্তরে এমন ঘটনার সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বিভ্রান্তিতে পড়তে হচ্ছে।

সর্বশেষ কোম্পানির প্রকল্প পরিচালক ড. জাহেদুল ইসলামকে আজ দুপুরে একাধিক ফোনকল ও এসএমএস পাঠালেও সাড়া মেলেনি।