হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে তারা ভিমরুলের কামড়ে আহত হয়।

মৃত শিশুরা হলো আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি মজিবর রহমান জানান, গত মঙ্গলবার বিকেলে গয়েশবাড়ী গ্রামে শিশু রোহান ও আরাফাত খেলতে বের হয়। একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। এ সময় ভিমরুলের কামড়ে তারা গুরুতর আহত হয়।

পরে শিশু দুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে দুজনের মৃত্যু হয়।

দুই শিশুর মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায়ও শোকের পরিবেশ সৃষ্টি করেছে।