হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় মসজিদের ঘটনায় সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ বানোয়াট: বিএনপি

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতি ঘিরে সৃষ্ট বিতর্কের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহকে দায়ী করে করা অভিযোগকে ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। তবে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে জামায়াতসহ সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে সাঁথিয়ার উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকায় অস্থিরতা সৃষ্টি করে তার দায় সাইয়েদ আব্দুল্লাহর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। অথচ ঘটনার দিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। সাঁথিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল করিম আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিভিন্ন মসজিদে যাচ্ছেন। আফতাবনগর মসজিদে তিনি মসজিদ কমিটি ও নির্ধারিত ইমামকে উপেক্ষা করে ইমামতি করতে চান। জামায়াতের আকিদার সঙ্গে তার মতাদর্শের অমিল থাকায় অনেক মুসল্লি এতে আপত্তি জানান। এরপরও তিনি ইমামতি করার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, সব ধরনের বিভেদ ও ভুল বোঝাবুঝি দূর করে জামায়াতসহ সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সাঁথিয়ার উন্নয়নে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠনে এ ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদসহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাবনায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পাবনা পৌরসভা: পরিত্যক্ত ভবনে দাপ্তরিক সেবা, দুর্ঘটনার আশঙ্কা

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন