পাবনায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলি হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও আসামিপক্ষের আইনজীবীকে মামলা থেকে সরে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা।
আজ রোববার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মামলার আসামিপক্ষের আইনজীবী আকরাম হোসেনকে মামলা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তাঁরা আদালতের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে আইনজীবী আকরাম হোসেন মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর বিক্ষোভকারীরা মোস্তফা ও আইনজীবী আকরাম হোসেনের কুশপুত্তলিকা দাহ করে নিজ নিজ এলাকায় ফিরে যান।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে কুলুনিয়া গ্রামে কলিদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তাঁর ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত কলি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগে মোস্তফা তার মুদি দোকানের পেছনের একটি ঘরে নিয়ে কলিকে ধর্ষণ করেন। পরে তাকে হত্যা করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মোস্তফা প্রথমে স্বীকার করেন, তাঁর ভাড়াটিয়া শ্রমিক ইয়াছিন হত্যাকাণ্ডের ঘটনা দেখে ফেলায় তাঁকে ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিলেন। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মোস্তফা জানান, ঘটনা দেখে ফেলায় ইচ্ছাকৃতভাবে ইয়াছিনকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলেন।
শিশু কলির নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, শিশু কলির হত্যাকারী মোস্তফা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলা চলমান রয়েছে। যেহেতু হত্যাকারী শিশু কলিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সে কারণে বলা যায় তাঁর ফাঁসি হবে। আমরা কলির পরিবারকে আশ্বস্ত করতে চাই, আদালতের প্রক্রিয়া শেষে অভিযুক্ত মোস্তফার শাস্তি নিশ্চিত হবে।