পাবনায় কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার বিতরণ না করে অবৈধভাবে মজুদ এবং সার বিতরণের রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে দুই ডিলারকে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি গুদাম থেকে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।
আজ মঙ্গলবার বিকেলে পাবনা শহরের জুবিলী ট্যাংক এলাকা ও সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারের বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার শহরের একটি গোপন গুদামে মজুদ করে রাখা হয়েছিল। কৃষকদের কাছে বিক্রি না করে এসব সার কালোবাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের গনি বিহারীর মিলের সামনে ওই গুদামে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় আরকে ট্রেডার্সের স্বত্বাধিকারী কাদের বিশ্বাসকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, আরকে ট্রেডার্সের মালিক কাদের বিশ্বাসের ম্যানেজার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বরাদ্দের একটি বড় অংশের সার কৃষকদের মধ্যে বিতরণ না করে বিভিন্ন দোকানির কাছে বেশি দামে বিক্রি করে আসছেন। সন্ধ্যার পর চুক্তিবদ্ধ দোকানিদের ডেকে এসব সার বিক্রি করা হয়। বরাদ্দের দিনও সার বিতরণে ধীরগতি ও নানা ধরনের সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ তাঁদের।
অন্যদিকে, সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে সার বিতরণের রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে হিরোক ট্রেডার্স নামের আরেক ডিলারকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কৃষকদের জন্য বরাদ্দ করা সার শহরের একটি স্থানে অবৈধভাবে মজুদ ও বিক্রির চেষ্টার খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। সারের অনিয়ম ও অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।