পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের এক দিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বাড়ির পেছনে হলুদের খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরে নিজে বাড়ি ফেরার কথা জানান। তবে এরপর তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি।
পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁর সন্ধান শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা-পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানান তাঁরা। এরপর পুলিশ তাঁর সন্ধানে তৎপরতা শুরু করে।
ওসি ফজলে এলাহী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাত মদকের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তাঁর মোবাইল ফোন চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এরপর মঙ্গলবার সকালে বাড়ির পাশের হলুদের খেতে সুপ্রভাত মদকের আগুনে ঝলসানো মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি ফজলে এলাহী আরও বলেন, ‘তাঁকে হত্যা করা হয়েছে—এটি নিশ্চিত। তবে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে, নাকি হত্যার পর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি বলেন, কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।