হোম > সারা দেশ > পাবনা

পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা

পাবনা প্রতিনিধি

অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

পাবনা সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান চালানো হয়। বাজারের আট থেকে ১০টি গুদামে গোপনে এসব সার মজুত করা হয়েছিল।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিক, মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লা এবং ওই এলাকার মৃত আরশেদ আলী খানের ছেলে আসাদুজ্জামান কামাল। তাঁদের মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা এবং হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জব্দ করা সারের মধ্যে ১২ বস্তা ইউরিয়া, ৩৮৯ বস্তা ডিএপি ও ৬৫ বস্তা এমওপি সার রয়েছে। এসব সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনার উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, অবৈধভাবে সার মজুতের গোপন তথ্যের ভিত্তিতে শ্রীকোল বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে জরিমানা করেন।