হোম > সারা দেশ > নীলফামারী

কেঁচো সারেই ভাগ্যবদল ডিমলার যুবক রশিদের

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

কেঁচো সার তৈরির কাজে ব্যস্ত আব্দুর রশিদ। ছবি: আজকের পত্রিকা

মাত্র ১৪২টি কেঁচো দিয়ে শুরু। দুই বছরের ব্যবধানে সেই উদ্যোগই বদলে দিয়েছে ২২ বছর বয়সী আব্দুর রশিদের জীবন। পড়াশোনার পাশাপাশি কেঁচো সার তৈরি করে এখন মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় করছেন নীলফামারীর ডিমলার এই যুবক।

আব্দুর রশিদ ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের জাহেদুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বাবার ওপর আর্থিক চাপ কমানোর তাগিদ থেকেই পড়াশোনার পাশাপাশি কিছু করার চিন্তা করেন রশিদ। দুই বছর আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উন্নত চাষাবাদ ও কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নেন। উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় মাটির উর্বরতা ও জৈব সারের কার্যকারিতা সম্পর্কে তাঁর আগে থেকেই ধারণা ছিল। প্রশিক্ষণ শেষে নিজের জমির সারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় মাত্র ১৪২টি কেঁচো দিয়ে শুরু করেন ভার্মি কম্পোস্ট উৎপাদন। ধীরে ধীরে সেই উদ্যোগই হয়ে ওঠে তাঁর আয়ের প্রধান অবলম্বন।

বর্তমানে রশিদের খামারে রয়েছে ২০০টি রিং। প্রতিটি রিংয়ে ১৫০-২০০ কেজি গোবরের সঙ্গে দেওয়া হয় এক থেকে দেড় হাজার লাল কেঁচো। এসব রিং থেকে প্রতি মাসে ৫০ থেকে ৬০ কেজি জৈব সার উৎপাদিত হয়। পাশাপাশি প্রতিটি রিং থেকে মাসে ৩০০ থেকে ৪০০টি কেঁচোও বিক্রি করেন তিনি।

শুরুতে নিজের জমির প্রয়োজন মেটাতে সার উৎপাদন করলেও এখন স্থানীয় বাজারেও তৈরি হয়েছে এর চাহিদা। ডিমলার বিভিন্ন নার্সারি, ফলের বাগান ও ছাদবাগানের চাষিরা তাঁর কাছ থেকে পাইকারি ও খুচরা দরে কেঁচো সার কিনছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড়ির আঙিনা ও আশপাশের পরিত্যক্ত জায়গায় সারি সারি ২০০টি রিংয়ে চলছে কেঁচো সার তৈরির কাজ। রশিদের সঙ্গে কাজ করছেন তাঁর বাবা জাহেদুল ইসলাম ও কয়েকজন শ্রমিক। সার ও কেঁচো বিক্রি করে মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় হচ্ছে বলে জানান রশিদ। এই আয় দিয়ে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতাও করছেন তিনি। খামারে কাজ করা শ্রমিকদেরও সারা বছর কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

রশিদের ভাষ্য, উৎপাদনের তুলনায় বাজারে কেঁচো সারের চাহিদা বেশি। পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরকারি নিবন্ধনের সুযোগ পেলে এ কাজে আরও অনেক তরুণ আগ্রহী হবেন। ভবিষ্যতে খামারের পরিসর বাড়ানোরও পরিকল্পনা রয়েছে তাঁর।

রশিদের উৎপাদিত কেঁচো সার ব্যবহার করে উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষকেরাও। আকাশকুড়ি গ্রামের কৃষক আজিমুল ইসলাম প্রায় তিন একর জমিতে আলু ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। তিনি বলেন, আগে রাসায়নিক সারের পেছনে বেশি খরচ হতো। এখন রশিদের কাছ থেকে কেঁচো সার নিয়ে ব্যবহার করছি। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বেড়েছে। মাটির উর্বরতা ফিরতেও সহায়তা করছে এই সার।

ডিমলা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আল মাহমুদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির জৈব উপাদান কমে গেছে। ভার্মি কম্পোস্ট মাটিতে জৈব পদার্থ ও উপকারী অণুজীবের কার্যক্রম বাড়ায়। এতে মাটির গুণাগুণ ও উর্বরতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিটিতে তিনজন করে মোট ৩০ জন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জৈব সার উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, শিক্ষিত তরুণদের কৃষিতে যুক্ত করে প্রচলিত খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা জরুরি। প্রতিটি ইউনিয়নে রশিদের মতো উদ্যোক্তা তৈরি হলে স্থানীয়ভাবে জৈব সারের সরবরাহ বাড়বে। একই সঙ্গে রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতাও কমবে।