নীলফামারীর ডোমারে গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন গরুর মালিক জাকারিয়া হোসেন।
জানা গেছে, জাকারিয়া হোসেন ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। গতকাল সোমবার রাতের কোনো একসময় চোরের দল তাঁর গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি গরু চুরি করে নিয়ে যায়।
জাকারিয়া হোসেন বলেন, শেষ সম্বলটুকু দিয়ে গরুগুলো কিনেছিলাম। বিক্রির উদ্দেশ্যে কিছু দিন ধরে বাড়তি যত্ন নিচ্ছিলাম। চারটি গরুই ছিল বিদেশি জাতের। এগুলোর বাজারমূল্য চার লাখ টাকার বেশি।
ভুক্তভোগী আরও জানান, ২০ থেকে ২৫ দিন আগেও চোরেরা গোয়ালঘরের তালা কেটে চুরির চেষ্টা করেছিল। তবে পরিবারের সদস্যরা টের পাওয়ায় চোরেরা দরজা খুলে পালিয়ে যায়।
জাকারিয়ার স্ত্রী সাথী বেগম বলেন, প্রতিদিন গরুগুলো থেকে ৭ লিটারের বেশি দুধ পাওয়া যেত। সেই দুধ বিক্রির টাকা দিয়ে সংসারের খরচসহ সন্তানদের পড়াশোনার ব্যয় মেটানো হতো। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় এখন সংসার চালানো ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।