হোম > সারা দেশ > নীলফামারী

নিজ কলেজেই ভর্তির সুযোগবঞ্চিত সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৪৮ জন শিক্ষার্থী নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে না। এসএসসি-২০২৬ ফলাফলে জিপিএ-৫ না থাকায় ওই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারছে না।

আজ বৃহস্পতিবার ওই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন অভিভাবকেরা। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষের কাছে প্রতিনিয়তই ধরনা দিচ্ছেন তাঁরা।

কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করে আসছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ। গড়ে ৫০ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিচ্ছে।

জানা গেছে, চলতি বছর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ১০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। এবার ওই কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আসন নির্ধারণ করা হয়েছে ৩৫০টি। গত ২৭ আগস্ট প্রতিষ্ঠানটির ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির সর্বনিম্ন যোগ্যতা হলো জিপিএ-৫। এর ফলে সামান্য নম্বর কম থাকায় নিজ কলেজের ৪৮ জন শিক্ষার্থীই ভর্তির সুযোগবঞ্চিত থাকছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অভিভাবকেরা তা সংশোধন করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

সেলিনা আক্তার নামের এক অভিভাবক বলেন, ‘কলেজের অধ্যক্ষ আমাদের কোনো কথাই শুনছেন না। অথচ ওই প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে আমাদের সন্তানেরা পড়ছে। তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।’

আরও এক অভিভাবক রোকসানা পারভীন জানান, গত বছরও প্রতিষ্ঠানটিতে জিপিএ ৪ দশমিক ৬৫ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়েছিল। এবার হঠাৎ কলেজ কর্তৃপক্ষ কঠোর হয়ে গেছে। অথচ এবার সারা দেশে এসএসসিতে ফল বিপর্যয় হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কালাম আজাদ বলেন, ‘আমাদের কলেজে প্রতিবছর ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার ব্যাপারে প্রবল আগ্রহী। আমাদের অনেক চাপ সামাল দিতে হয়। তা ছাড়া এ প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে সরকারি নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নেই।’

বিষয়টি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সৈয়দপুর বিজ্ঞান কলেজ উত্তরাঞ্চলের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। ভর্তিপ্রক্রিয়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব গাইডলাইন রয়েছে। তারা জিপিএ-৫-কে ন্যূনতম যোগ্যতা বলে ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের এই স্বাধীনতা রয়েছে।